
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল করেছে নবগ্রাম যুব সমাজ ও নবগ্রাম প্রবাসী সংস্থা। শুক্রবার বাদ জুমা চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম-মুন্সিরহাট সড়কে মিছিলে নেতৃত্ব দেন ইউনুছ আলী মেম্বার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুম, মোহাম্মদ বাচ্চু, আবুল কাশেম, হাবিবুর রহমান, মোঃ জসিমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সার্বিক তত্বাবধানে ছিলেন শাকিল হোসেন, মোঃ শুভ, বাবু, মেহেদী, পারভেজ, ইয়াছিন, রিয়াজ, জালাল, রাজু। মিছিলে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মিছিল শেষে গণ্যমান্য ব্যক্তিরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগ। এরপরও প্রশাসনের উচিত, মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া। এছাড়া খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সৃজনশীল কাজে তরুণদের সম্পৃক্ত করা গেলে মাদক থেকে দূরে থাকার ইতিবাচক পরিবেশ তৈরি হবে।