
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে জুমার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশের সময় মোঃ আবদুল ওয়াদুদ (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের পরিকোট আল আকসা মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল ওয়াদুদ ডমুরুয়া ইউনিয়নের পরিকোট হাজারী বাড়ির বাসিন্দা। তিনি তিন ছেলে ও এক মেয়ের বাবা এবং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিনের চাচা।
প্রত্যক্ষদর্শী মুসল্লি মো. ফারুক জানান, শুক্রবার দুপুর ১টার দিকে মসজিদের ইমাম খুতবা শুরু করেন। এ সময় আবদুল ওয়াদুদ মসজিদে প্রবেশের জন্য গেটের সামনে এলে হঠাৎ মাটিতে পড়ে যান। পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে মসজিদের ভেতরে নিয়ে যান। সেখানে প্রায় তিন মিনিট অচেতন অবস্থায় থাকার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি মারা গেছেন।
নিহতের ভাতিজা কামাল উদ্দিন জানান, তার চাচা স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে তারা ধারণা করছেন।
জানাগেছে, এর আগে আবদুল ওয়াদুদ দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন। তবে শুক্রবার মসজিদে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন।