👁 167 Views

দিনাজপুরে মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ

সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে মহাসড়কের পাশের একটি নয়নজুলি থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দলারদরগা বাজারের পশ্চিম পাশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এক পথচারী সড়কের পাশের নয়নজুলিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান এবং পরবর্তীতে নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, মরদেহটি অন্তত ৫ থেকে ৬ দিন আগের হওয়ায় তা বেশখানিকটা গলে গেছে। মৃত ব্যক্তির মুখে পাকা দাড়ি এবং মাথায় পাকা চুল রয়েছে। উদ্ধারের সময় মরদেহের শরীরে কোনো পোশাক না থাকলেও, ঘটনাস্থলের পাশ থেকেই একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় কিংবা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠানোসহ সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।