👁 116 Views

ফেইক আইডি দিয়ে অপপ্রচারের প্রতিবাদে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

মোঃ নজরুল ইসলাম : নরসিংদী-২ (পলাশ) আসনের মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ভগীরথপুরে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেইক) ফেসবুক আইডি তৈরি করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ভিপি মনির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ দলীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে আসছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দলীয় নেতৃত্বকে কালিমালিপ্ত করা এবং স্থানীয় বিএনপির ইস্পাতকঠিন ঐক্য বিনষ্ট করার হীন উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের ডিজিটাল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। একইসঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ভিপি মনির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রায়হান উদ্দীন বাসেদ, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান প্রান্ত এবং সাংগঠনিক সম্পাদক রাফিউদ্দীন সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *