
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মাহফুজ উদ্দিন ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, খামারিদের উন্নয়ন, প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে। প্রাণিসম্পদ খাতে উন্নত প্রযুক্তির প্রয়োগ, রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন এবং আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থা চালু করা গেলে এ খাতে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মাহফুজ উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের পশু পালন, নিয়মিত টিকাদান, রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সেবা প্রদানের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদজাত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হাসান, মনোহরদী থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা এবং মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।