👁 590 Views

সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক জুলফিকার আলীর বিদায়ী সংবর্ধনা

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এমএ) মাদরাসার সহকারী শিক্ষক কাজী মো. জুলফিকার আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদরাসা ক্যাম্পাসে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যদের উপস্থিতিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ প্রায় ৩৮ বছরের কর্মজীবন শেষে অবসরে যাওয়ায় অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা কাজী মোঃ জুলফিকার আলীর দীর্ঘ কর্মজীবন, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘ সময় একটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা শুধু চাকরির মেয়াদ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সঙ্গে গড়ে ওঠা গভীর সম্পর্ক। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান মাদরাসার সঙ্গে সংশ্লিষ্টদের স্মৃতিতে দীর্ঘদিন থাকবে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী সরকার বলেন, দীর্ঘদিনের একজন সহকর্মী অবসরে গেলে কর্মজীবনের নানা স্মৃতি মনে পড়ে। জুলফিকার আলীর আন্তরিকতা, দায়িত্ববোধ, সহযোগিতার মনোভাব ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ সবসময় অনুকরণীয় হয়ে থাকবে। ৩৮ বছরের কর্মজীবনে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী বক্তব্যে কাজী মো. জুলফিকার আলী বলেন, “তিন যুগেরও বেশি সময়, প্রায় ৩৮ বছর এই প্রতিষ্ঠানে কতটুকু দিতে পেরেছি জানি না। তবে সবসময় চেষ্টা করেছি নিজের জায়গায় সৎ থেকে প্রতিষ্ঠানে অবদান রাখার। সময় হয়েছে অবসরের। শুরু থাকলে শেষ থাকবেই। সকলের দোয়া কামনা করছি।” এ সময় উপস্থিত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও অবসরজীবনের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।