
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গলার চেইন ছিনতাইকালে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ বুধবার (৩০সেপ্টেম্বর) দুপুরে রুবীর মোড়ে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে জামাল (৩৫) আব্দুর রব এর ছেলে ফরিদ (৩৩) ও মাইনুদ্দিন এর ছেলে রবি (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিম শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে চার্জার রিক্সা যোগে স্টাফ কোয়ার্টার যাওয়ার পথে রুবীর মোড় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে চাকু দিয়ে খুন জখমের হুমকি প্রদান করে।
অতঃপর ছিনতাইকারীরা হাত দিয়ে ভিকটিম এর কানে থাকা ৫ আনা ওজনের স্বর্নের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভিকটিম এর চিৎকারে আশপাশের স্থানীয় জনগণ এগিয়ে আসে। একই সাথে ৯৯৯ থেকে সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জনগণের সহায়তায় নওগাঁ সদর থানা পুলিশ এসে চাকু সহ ছিনতাইকারীদের গ্রেফতার করে। উত্তেজিত জনতা এ সময় ছিনতাইকারীদের পিছু মারধর করে। অতঃপর পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ছিনতাই মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।