👁 440 Views

নরসিংদীর আমদিয়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:  নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আখালিয়া উত্তর পাড়া মোল্লা বাড়ি হইতে হেজারদীর টেক হয়ে চানগাঁও বাবুরা বাড়ি পর্যন্ত নির্মাণাধীন পিচ ঢালাই রাস্তায় ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বর্তমান ঠিকাদারের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির নির্মাণকাজে শুরু থেকেই নিম্নমানের ইটের কণা ব্যবহার করা হচ্ছে। এছাড়া শিডিউল অনুযায়ী পিচ ঢালাইয়ের পুরুত্ব ৪০ মিলিমিটার (মি.মি.) থাকার কথা থাকলেও ঠিকাদার কোথাও ৩০ মি.মি. আবার কোথাও ৩২ মি.মি. করে কাজ সম্পন্ন করছেন। শুধু তাই নয়, সিডিউল অনুযায়ী মানসম্মত বিটুমিন ব্যবহারের পরিবর্তে পোড়া মবিল বা নিম্নমানের তেল ব্যবহারেরও অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

অনুসন্ধানে জানা যায়, এই সড়ক উন্নয়ন কাজটির মূল ঠিকাদার ছিলেন কামাল হোসেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কাজটি ছেড়ে দেন। বর্তমানে ক্ষমতাসীন দলের নেতা হুমায়ুন ও সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে রাস্তাটির নির্মাণকাজ চলমান রয়েছে।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি ও শ্রমিকরা অভিযোগ অস্বীকার করে জানান, “আমরা সিডিউল ও নিয়ম মেনেই সঠিকভাবে কাজ করছি। অহেতুক কিছু লোক আপনাদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।”

এদিকে সড়কটির দীর্ঘস্থায়ীত্ব ও সঠিক মান নিশ্চিত করতে ক্ষুব্ধ সাধারণ জনগণ ও এলাকাবাসী স্থানীয় প্রশাসনের পাশাপাশি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যেহেতু এই এলাকাটি পলাশ নির্বাচনী এলাকার (নরসিংদী-২) অন্তর্ভুক্ত, তাই সড়কটির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের জরুরি হস্তক্ষেপ ও আশু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *