👁 205 Views

সাপাহারে বাঁশের বেড়া দিয়ে বসতবাড়ি ঘিরে একটি পরিবারকে অবরুদ্ধ থানায় অভিযোগ।।

 

তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাড়ির প্রধান দরজা সহ চারপাশে বাঁশের বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সাপাহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আনিসুর রহমান।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিন্যাকুড়ি (ভুতকুড়ি) গ্রামের বাসিন্দা মো. আনিসুর রহমান দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিন্যাকুড়ি মৌজায় তাদের ভোগদখলীয় সম্পত্তি নিয়ে নিকটাত্মীয় মৃত: মোশাহাক আলীর পুত্র মজিবুর রহমান (৭০) ও পেশকার আলী (৭২) গংদের সঙ্গে বিরোধ চলে আসছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীরা বাড়ির সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তারা ভুক্তভোগীর বাড়ির মূল গেটের সামনে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে আনিসুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে বিবাদীরা তাদের ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি মারধর ও ক্ষতির আশঙ্কায় নিরাপত্তার জন্য তিনি থানায় যাওয়ার কথা জানালে বিবাদীরা বাড়ির মূল গেটও বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *