👁 233 Views

সেনবাগে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে নিখোঁজের একদিন পর মো. মারুফ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারুফ ওই এলাকার মো. রিপনের মেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মোবাইল ফোন ভেঙে ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন মারুফ। এরপর আর বাড়িতে ফেরেননি। বুধবার রাতে বাড়ির পাশের ধানখেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতা পাওয়া যায়।

সেনবাগ থানার ওসি মো. হযরত আলী মিলন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।