
পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাজী হযরত আলীর বিরুদ্ধে স্ত্রীর ওপর নির্যাতনসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার কাজীর লাইসেন্স বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ি-সিপাইপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী নকিবুল,আব্দুল করিম অভিযোগ করে বলেন,কাজী হযরত আলী তার স্ত্রীর ওপর নির্যাতনসহ বিভিন্ন অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এদিকে নির্যাতনের শিকার স্ত্রী রুপালি বেগম বলেন, আমার স্বামী প্রতিনিয়ত আমার উপর নির্যাতন করে রাতের আধারে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে বের হয়ে অন্য এক মহিলাকে নিয়ে রাত কাটাত। এই প্রতিবাদ করলে আমাকে মারধর করে এবং ঘর থেকে বের করে দেয়। আমি তার সুষ্ঠ বিচার চাই।
এ সময় মানববন্ধনকারীরা বলেন,একজন নিকাহ রেজিস্ট্রার বা কাজীর কাছ থেকে সমাজে দায়িত্বশীল ও নৈতিক আচরণ প্রত্যাশিত।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কাজীর লাইসেন্স ও নিয়োগ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এলাকাবাসির।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।