
মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নাচোল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়। উপজেলার মোট ৫ হাজার ৬৫৫ জন সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসলের উন্নত বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া ও উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। প্রধান অতিথির বক্তব্যে ড. মুঃ মিজানুর রহমান বলেন, “বর্তমান সরকার অত্যন্ত কৃষক বান্ধব এবং সবসময় আপনাদের পাশে রয়েছে। সরকারের এই প্রণোদনার মূল উদ্দেশ্য হলো উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।” তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা এই সরকারি কৃষি উপকরণসমূহ যথাযথ নিয়মে ব্যবহার করবেন, কোনোভাবেই যেন এর অপচয় না হয়। সঠিক সময়ে সঠিক নিয়মে বীজ বপন ও চারা রোপণ করে দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করুন।” স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম চলতি মৌসুমের প্রণোদনার বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকদের পাঁচটি প্রধান ক্যাটাগরিতে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। রোপা আমন ধান আবাদ বৃদ্ধি: ৩,৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। গ্রীষ্মকালীন শাকসবজি আবাদ বৃদ্ধি: ১,৩০০ জন কৃষককে ৭ প্রকারের উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড সবজি বীজ (কলমি, লাউ, চালকুমড়া, পালং, শসা, বেগুন ও মিষ্টি কুমড়া) দেওয়া হচ্ছে। শীতকালীন কন্দ পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধি: ৩০ জন কৃষকের মাঝে মোট ১৬০ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার এবং ১টি করে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হচ্ছে। বৃক্ষের চারা বিতরণ: ৮০০ জন কৃষকের মাঝে মোট ৪,০০০টি ফলদ ও বনজ বৃক্ষের চারা (জনপ্রতি ৫টি চারা, ২৪ কেজি জৈব সার ও ৫টি খুঁটিসহ) বিতরণ করা হচ্ছে। লেবু জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি: ২৫ জন কৃষকের মাঝে ১২৫টি লেবু ফসলের চারা (জনপ্রতি ৫টি চারা, ২৪ কেজি জৈব সার ও ৫টি খুঁটিসহ) বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চাষাবাদ করার এবং সরকারি এই সহায়তার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কৃষকদের আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুফলভোগী প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা উপস্থিত ছিলেন।