👁 425 Views

ইঁদুর ও উইপোকায় টাকা নষ্ট: সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত কৃষককে সৌদি প্রবাসীর ২ লাখ টাকা সহায়তা

​পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘ইঁদুর ও উইপোকা নষ্ট করল কৃষকের স্বপ্ন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক তোফাজ্জল হোসেনের পাশে দাঁড়িয়েছেন সৌদি প্রবাসী সমাজসেবক আলহাজ মিজানুর রহমান সুমন।
​গতকাল বুধবার বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে কৃষক তোফাজ্জল হোসেনের বাড়িতে গিয়ে প্রবাসীর পক্ষে নগদ ২ লাখ টাকা তুলে দেন তাঁর ছোট ভাই হাবিবুর রহমান জনি।
​জানা যায়, গত ৯ আগস্ট সকালে জমি বন্ধক নেওয়ার উদ্দেশ্যে ঘরে রাখা সঞ্চিত টাকা বের করতে গিয়ে তোফাজ্জল হোসেন দেখেন, বাক্সে থাকা পুরো ২ লাখ টাকাই ইঁদুর ও উইপোকা কেটে টুকরো টুকরো করে ফেলেছে। জীবনের শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন এই দিনমজুর কৃষক। বিষয়টি নিয়ে দৈনিক করতোয়া, দৈনিক প্রথম আলো,দৈনিক সংবাদ, আজকের জনগণসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সৌদি প্রবাসী আলহাজ মিজানুর রহমান সুমনের নজরে আসে। কৃষক পরিবারের এই দুর্দশা দেখে তিনি তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেন।
​প্রবাসীর ছোট ভাই হাবিবুর রহমান জনি বলেন, “সংবাদ দেখে আমার বড় ভাই তোফাজ্জল হোসেনের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি বিদেশে ব্যবসা করার পাশাপাশি সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। তাঁর নির্দেশনায় আজ সরাসরি কৃষকের বাড়িতে এসে নগদ ২ লাখ টাকা হস্তান্তর করেছি।”
​আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত কৃষক তোফাজ্জল হোসেন বলেন, “আমি ঢাকায় রিকশা চালিয়ে এবং আমার স্ত্রী মানুষের বাড়ি রান্নার কাজ করে বহু কষ্টে এই ২ লাখ টাকা জমিয়েছিলাম। কিন্তু ইঁদুর-উইপোকা সব শেষ করে দেওয়ায় আমরা নিঃস্ব হয়ে পড়েছিলাম। গণমাধ্যমে খবর দেখে মিজানুর রহমান সুমন ভাই তাঁর ছোট ভাইয়ের মাধ্যমে ২ লাখ টাকা পাঠিয়েছেন। এই টাকা পেয়ে আমাদের সব দুশ্চিন্তা দূর হয়েছে। আল্লাহ তাঁর নেক হায়াত দান করুন।”
​টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রবাসীর ছোট ভাই হাবিবুর রহমান জনি, কৃষক তোফাজ্জল হোসেন, তাঁর স্ত্রী ফাতেমা বেগম, মেয়ে মোরশেদা বেগম, জামাতা শামসুল হক এবং স্থানীয় মাহবুব রহমান। এসময় স্থানীয় সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *