👁 120 Views

অধ্যক্ষের সিল-প্যাডে প্রদর্শকের স্বাক্ষর, তদন্তের দাবি

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষের অনুপস্থিতিতে তাঁর নাম, পদবি ও সিলমোহরযুক্ত প্যাড ব্যবহার করে একজন প্রদর্শকের স্বাক্ষর দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের প্রদর্শক আজাদুল ইসলাম অধ্যক্ষ সারোয়ার রাব্বীর অনুপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেছেন। এমনকি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানো এসএসসি (ভোকেশনাল) অনলাইন ফিমেল সংশোধনী-সংক্রান্ত একটি আবেদনে অধ্যক্ষের নাম ও সিলমোহর থাকলেও স্বাক্ষরটি অধ্যক্ষের নয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের প্রশংসাপত্র ও সার্টিফিকেটেও আজাদুল ইসলামের স্বাক্ষর ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে অধ্যক্ষের অনুপস্থিতিতে তাঁকে এ ধরনের প্রশাসনিক দায়িত্ব দেওয়ার কোনো লিখিত আদেশ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, এ ধরনের দায়িত্ব অর্পণ বা সংশ্লিষ্ট বিষয়ে তিনি কিছু জানেন না।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
অভিভাবকদের দাবি, সংশ্লিষ্ট নথির মূল কপি ও স্বাক্ষর যাচাই, দায়িত্ব অর্পণের লিখিত আদেশ খতিয়ে দেখা এবং অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।
অভিযোগের বিষয়ে আজাদুল ইসলামের বক্তব্য জানা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারোয়ার রাব্বীর বক্তব্যও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *