👁 518 Views

বদরগঞ্জের বীমাকর্মী মোশারফ কর্তৃক অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত

লিমন হায়দারঃ পার্বতীপুরের খয়েরপুকুর এলাকায় শ্রমিক-কৃষকসহ নিম্ন আয়ের মানুষের টাকা আত্মসাতের অভিযোগ। ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থা চান ভুক্তভোগীরা।

রংপুরের বদরগঞ্জ ও দিনাজপুরের পার্বতীপুরের বিভিন্ন এলাকায় বীমার প্রলোভন দেখিয়ে নিম্ন আয়ের মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে এক বীমা কর্মীর বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ,মৃত্যুর পর পরিবারের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যতে বড় অঙ্কের অর্থ পাওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে নিয়মিত টাকা সংগ্রহ করা হয়।কিন্তু পরবর্তী সময়ে সেই টাকা ও বীমার প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এতে অসংখ্য পরিবার আর্থিক সংকটে পড়েছেন।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন রংপুরের বদরগঞ্জের বগশীগঞ্জ এলাকার মোশাররফ মিয়া নামে এক বিতর্কিত ব্যক্তি।ভুক্তভোগীদের দাবি,তিনি পার্বতীপুরের খয়েরপুকুর এলাকার বিভিন্ন শ্রমিক,কৃষক,গার্মেন্টসকর্মীসহ খেটে খাওয়া মানুষের সঙ্গে বীমার নামে লেনদেন করেছেন।তাঁদের অভিযোগ,টাকা নেয়ার পর তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন।তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য এবং সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানের অবস্থান জানা যায়নি।

ভুক্তভোগীদের ভাষ্য,জীবিত অবস্থায় অল্প-অল্প করে টাকা জমা দিয়ে ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার আশায় তাঁরা বীমার সঙ্গে যুক্ত হয়েছিলেন।কেউ-কেউ মৃত্যুর পর পরিবারের সদস্যরা অর্থ পাবেন এমন আশ্বাসে সঞ্চিত অর্থ জমা দেন।কিন্তু এখন তাঁদের অনেকেই জমা দেওয়া টাকার হিসাব ও প্রাপ্য অর্থ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

এলাকাবাসীর দাবি,অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জমা দেওয়া টাকা ফেরত ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

ভুক্তভোগীদের প্রশ্ন,জীবনের নিরাপত্তা ও পরিবারের ভবিষ্যতের আশায় যে অর্থ জমা দিয়েছিলেন,সেই অর্থের দায় নেবে কে?

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।