👁 242 Views

কক্সবাজারে সাত স্থানে বিস্ফোরণ, আটক ৬

কক্সবাজার জেলায় নাশকতার ঘটনা ঘটেছে একাধিক স্থানে। রামু বাইপাস গেটে চলন্ত ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ছাড়া কক্সবাজার শহরের কলাতলী, নিউমার্কেট, কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড, ঝিলংজার খরুলিয়া, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁওয়ের মাইজপাড়া এলাকায় ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
টেকনাফে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটক এবং চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টাঙানো হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চকরিয়া সিটি কলেজ, কাকারা মাধ্যমিক বিদ্যালয়, চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয় ও চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতন। পরে তালা ও ব্যানার সরিয়ে নেওয়া হয়।