👁 262 Views

বগুড়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রবাসীরা।।

রিয়াদ,সৌদি আরবঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনে নির্বাচন পরিচালনার লক্ষ্যে প্রবাসী নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের হারায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কমিটির ঘোষণা দেওয়া হয়। প্রবাসী বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ফিরোজ আহমেদ নয়ন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সাতটি আসনের নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ. কে. এম. গোলাম হাসনাইন সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল হামিদ।

এ সময় বগুড়া শিবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব সোহান সরকার এবং মাহফুজুর রহমান চঞ্চলসহ প্রবাসী বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে বগুড়া জেলার সাতটি আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

তাঁরা আরও বলেন, এই নির্বাচন পরিচালনা কমিটিগুলো প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করে দেশে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে জনমত গঠনে কার্যকর ভূমিকা রাখবে। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও ত্যাগের মাধ্যমে বিএনপিকে বিজয়ের পথে এগিয়ে নিতে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনে বগুড়া জেলাকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *