👁 399 Views

আরটিভিতে সংবাদ প্রকাশের পর এতিম প্রতিবন্ধী বেহেস্তি ও নিরবের পাশে দাঁড়ালেন নওগাঁ জেলার মানবিক পুলিশ সুপার।

 জেলা প্রতিনিধি নওগাঁঃ

আরটিভিতে সংবাদ প্রকাশের পর এতিম ও অসহায় প্রতিবন্ধী শিশু বেহেস্তি এবং তার ছোট ভাই নিরবের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

কিছুদিন আগেও বাবা-মায়ের স্নেহে বেড়ে উঠছিল দুই শিশু বেহেস্তি ও নিরব। কিন্তু জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদের বাবাকে হত্যা করা হয়। সেই শোক কাটতে না কাটতেই কয়েক সপ্তাহের ব্যবধানে মারা যান তাদের মা। এরপর থেকেই প্রতিবন্ধী বেহেস্তি ও তার ছোট ভাই নিরবকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ দাদি মোছাঃ ওহিলা। ঘটনাটি নওগাঁর আত্রাই উপজেলার দিঘীরপাড় গ্রামের।

সম্প্রতি আরটিভিতে তাদের অসহায়ত্বের সংবাদ প্রচারিত হলে বিষয়টি নজরে আসে পুলিশ সুপারের। পরে তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় পরিবারের জন্য।

পুলিশ সুপারের দেওয়া আর্থিক সহায়তা গ্রহণ করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন। তিনি জানান, এই সহযোগিতা অসহায় পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে এবং ভবিষ্যতেও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

বৃদ্ধ দাদি মোছাঃ ওহিলা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক মানুষের সহযোগিতাই এখন তাদের বেঁচে থাকার প্রধান ভরসা।

স্থানীয়দের মতে, আরটিভির সংবাদ প্রকাশের ফলে অসহায় পরিবারটির দুর্দশার বিষয়টি সমাজের সামনে উঠে এসেছে এবং মানবিক সহায়তা পাওয়ার পথ সুগম হয়েছে। তারা বেহেস্তির চিকিৎসা ও দুই শিশুর ভবিষ্যৎ শিক্ষার জন্য সরকারি ও বেসরকারি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *