
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নে পল্লীশ্রী আগ্রযাত্রা প্রকল্পের সদস্যদের মাঝে উৎপাদনশীল সম্পদ হিসেবে ছাগল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এরপর বিরলে উপজেলা পর্যায়ে সুশীল সমাজ ও কর্তৃপক্ষের সাথে প্রকল্প অংশগ্রহণকারীর সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প অংশগ্রহনকারীদের সরকারী সেবা প্রাপ্তির লক্ষ্যে এবং (এসডিজি-১৩) বাস্তবায়নের জন্য উক্ত সংলাপ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার অনুষ্ঠিত সংলাপ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, বিরল প্রেস ক্লাব সভাপতি মোঃ আতিউর রহমান, রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, মাঠ সহায়ক নারায়ন চন্দ্র মহন্ত, মোকিমা আখতার। এছাড়াও প্রকল্প অংশগ্রহণকারী ১০ জন নারী সংলাপে তাদের এলাকার সমস্যাগুলো তুলে ধরেন এবং সমস্যার আলোকে কর্তৃপক্ষ সমাধানের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।