👁 129 Views

চৌদ্দগ্রামে সরকারি সড়কের মাটি বিক্রি, ড্রাম ট্রাকসহ আটক ৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি সড়কের মাটি বিক্রির উদ্দেশ্যে লুট করার সময় দুইটি ড্রাম ট্রাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ছুপুয়া-নালঘর-মদিনা বাজার সড়কের বর্ধনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো; কুমিল্লার চান্দিনার পানিপাড়া গ্রামের মোঃ ইসমাইল, চাঁদপুর সদর থানার মনিহারের ইসমাইল মুন্সি ও মানিকগঞ্জের দৌলতপুরের চর ভারেঙ্গার হান্নান সরকার। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্ধনবাড়ির ইমতিয়াজ মজুমদার কন্ট্রাক্টর, মোহাম্মদ ও সদর দক্ষিণ উপজেলার অলি বাজার এলাকার মীর হোসেনের যোগসাজশে চান্দিনার ইসমাইল, চাঁদপুরের ইসমাইল মুন্সি ও মানিকগঞ্জের হান্নান দীর্ঘদিন ধরে বর্ধনবাড়ি এলাকায় মাটির ব্যবসা করে আসছিল। সরকারিভাবে ছুপুয়া-নালঘর-মদিনা বাজার সড়কের প্রশস্তকরণে কাজ করছে এসকেএম ইন্টারন্যাশনাল। সড়কের দেখভাল করার দায়িত্বে রয়েছেন এসকেএম ইন্টারন্যাশনালের ম্যানেজার চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার সাইফুল ইসলাম ও সাইড ইঞ্জিনিয়ার সাজেদুল ইসলামসহ সড়কটি দেখাশুনার জন্য বর্ধনবাড়ি এলাকায় গিয়ে দেখে, কে বা কারা টেন্ডার হওয়া রাস্তার অনুমান ৩০ মিটার দৈর্ঘ্য, ৫ মিটার প্রস্থ্য ও সাড়ে ৩ মিটার গভীর করে মাটি কর্তন করেছে। পরবর্তীতে বিষয়টি চৌদ্দগ্রাম এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ও উপ-সহকারী প্রকৌশলীকে অবহিত করলে তারা সরেজমিন সড়কটি পরিদর্শন করেন। রাতে ইমতিয়াজ মজুমদার গং পরস্পর যোগসাজশে পূর্বের ন্যায় টেন্ডার হওয়া সড়ক থেকে অবৈধভাবে মাটি কাটতে থাকে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষনিক এলজিইডির প্রকৌশলীকে জানালে তিনি চৌদ্দগ্রাম থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সাইফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা অবস্থায় চান্দিনার ইসমাইল, চাঁদপুরের ইসমাইল মুন্সি ও মানিকগঞ্জের হান্নানকে আটক করে। ওই সময় রাতের অন্ধকারে ইমতিয়াজ মজুমদার, মোহাম্মদ ও মীর হোসেন দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ করে।
স্থানীয়রা অভিযোগ করেন, আটককৃতর তিনজনসহ অন্যরা দীর্ঘদিন যাবত মাটির ব্যবসার আড়ালে পরস্পর যোগসাজশে রাতের আধাঁরে অবৈধভাবে সরকারি সড়ক, বৈদ্যুতিক খুটির আশপাশসহ বিভিন্ন লোকজনের ফসলি জমি থেকে মাটি কেটে আসছিল। প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা ওই এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। ফসলি জমি, পরিবেশ ও সড়ক রক্ষায় ইমতিয়াজ মজুমদার গংয়ের বেপরোয়া কর্মকান্ড রোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন সচেতন মহল।
ছুপুয়া-নালঘর-মদিনা বাজার সড়কের ঠিকদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম বলেন, সড়কের প্রশস্তকরণ কাজ চলছে। কিন্তু চিহ্নিত একটি চক্র সড়কের মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি ট্রাকসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এলজিইডির চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, ছুপুয়া-মদিনা বাজার সড়কের প্রশস্তকরণের কাজ চলছে। কিন্তু কতিপয় লোক সরকারি সড়কের মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। হাতেনাতে তিনজনকে আটক করা হয়েছে। সড়ক প্রশস্তকরণ ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘সরকারি সড়কের মাটি কাটার সময় দুইটি ট্রাকসহ আটককৃত তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।