👁 411 Views

সরকারি নির্দেশ উপেক্ষা করে সকাল ৯ টার অফিস সকাল ১০ টায় উপস্থিত নেই কর্মকর্তা

আজিম মন্ডল, লালমনিরহাট।  সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে। নির্ধারিত সময় পেরিয়ে সাড়ে ৯টা বাজলেও অধিকাংশ কর্মকর্তার দেখা মেলেনি নিজ নিজ কর্মস্থলে। এতে প্রয়োজনীয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

রোববার (১৪ জুন) সকাল ৯টা থেকে আদিতমারী উপজেলা প্রশাসনিক ক্যাম্পাসে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। অভিযোগ রয়েছে, উপজেলার বেশিরভাগ কর্মকর্তা সরকারি আবাসনে না থেকে রংপুরসহ বিভিন্ন স্থান থেকে নিয়মিত যাতায়াত করেন। ফলে সময়মতো অফিসে উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না।

সকাল ৯টা ২৪ মিনিটে উপজেলা সমবায় কার্যালয়ের তালা খুলতে দেখা যায় এক কর্মচারীকে। তবে সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্তও অফিসে আসেননি সমবায় কর্মকর্তা রিয়াজুল হক।

একই অবস্থা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়েও। সকাল ৯টা ২৭ মিনিটে এক কর্মচারী অফিস কক্ষের তালা খুললেও কর্মকর্তা মোছা. শিরিন আক্তার আসেন সকাল ৯টা ৩৭ মিনিটে। দেরির কারণ জানতে চাইলে তিনি বলেন, “জেলায় মেয়েদের নিয়ে থাকি। তাদের স্কুলে পৌঁছে দিতে কিছুটা সময় লাগে, তাই দেরি হয়েছে।”

পাশের উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্তও দেখা মেলেনি কর্মকর্তা আসাদুজ্জামানের। অফিসের এক কর্মচারী জানান, তিনি রংপুর থেকে আসেন, তাই কিছুটা দেরি হচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত উপস্থিত ছিলেন না কর্মকর্তা মো. আরিফ আলী সরকার। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রংপুর থেকে সরাসরি লালমনিরহাটে একটি এনজিওর সভায় অংশ নিতে গেছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অন্তত ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে উপস্থিত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

উপজেলা প্রশাসনিক ক্যাম্পাসের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত উপজেলা পরিসংখ্যান ও মাধ্যমিক শিক্ষা অফিসেও একই চিত্র দেখা যায়। সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় তালাবদ্ধ ছিল। পরে সাংবাদিক উপস্থিতির খবর পেয়ে এক কর্মচারী এসে পরিসংখ্যান অফিসের তালা খুললেও কর্মকর্তার দেখা মেলেনি।

অন্যদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন পাশের হাতীবান্ধা উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিনি অফিসে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম বলেন, “জেলায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় রয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সরকারি অফিসে নির্ধারিত সময় অনুযায়ী কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত না হওয়ায় জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবা নিতে আসা অনেকেই। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এ বিষয়ে কার্যকর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *