
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছা উপজেলা সদরের একটি বাসাবাড়ির তালাবদ্ধ রুম থেকে বিশ্বজিৎ দেউড়ী (২৫) নামে এক ভাড়াটিয়ার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
২১ জুলাই মঙ্গলবার বিকালে হাসপাতাল রোডের একটি বাড়ির নীচতলার কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিশ্বজিৎ ও অন্তর সরকার (২১) নামে দুই যুবক গত দেড় মাস ওই বাড়ির নীচতলার রুম ভাড়া নিয়ে থাকতো।
ঘটনার পর থেকে অন্তর পলাতক রয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে ঝালকাঠির বেতরা এলাকার হেরালাল দেউড়ীর ছেলে বিশ্বজিৎ দেউড়ী ও মাদারীপুর কালকিনি এলাকার লিটন সরকারের ছেলে অন্তর সরকার তারা দুজনে গত জুন মাস থেকে পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের বাসিন্দা রামপ্রসাদ মন্ডলের হাসপাতালের রোডের ২৮১ নং বাড়ির নীচতলার একটি রুম ভাড়া নিয়ে থাকতো। বিশ্বজিৎ পেশাগত ভাবে আরএফএল কোম্পানির ভিগো গ্রুপের এসআর পদে এবং নয়ন একই কোম্পানিতে টেকনিশিয়ান পদে কর্মরত ছিল। ঘটনার দিন কোম্পানির ডিলাররা বিশ্বজিৎ এর কোন খোঁজ না পেয়ে তার বাসায় লোক পাঠায় তার খোঁজ নেওয়ার জন্য। খোঁজ নিতে এসে লোক তালাবদ্ধ এবং রুমের সামনে একটি রক্তাক্ত ছুরি পড়ে থাকতে দেখে থানা পুলিশ কে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিসার্কেল) আমীর হামজা ও থানার ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলি সহ থানা পুলিশ ঘটনাস্থলে এসে রুমের তালা ভেঙে ভিতরে কাঁথা দিয়ে ঢাকা রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। বাড়ির মালিক রামপ্রসাদ মন্ডল জানান তারা দুজন গত জুন মাস থেকে নীচতলার রুম ভাড়া নিয়ে আছে। তাদের সম্পর্কে বেশিকিছু জানা নেই বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার ওসি ভারপ্রাপ্ত জুলফিকার আলি জানান রুমটি তালাবদ্ধ ছিল ওই কক্ষে দুইজন থাকতো বলে জানতে পেরেছি। তবে তালা খোলার পর রুমের ভিতরে কাঁথা দিয়ে ঢাকা একটি মৃতদেহ পড়েছিল। সিঁড়ির নীচে বিশ্বজিৎ এর ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি পাওয়া গেছে তবে অন্তর এবং তার মোটরসাইকেল টি ঘটনাস্থলে পাওয়া যায়নি। ধারণা করছি ঘটনার পর থেকে অন্তর পলাতক রয়েছে। মৃতদেহ টি সনাক্ত সহ অন্যান্য তদন্তের জন্য আমরা সিআইডির জন্য অপেক্ষা করছি বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।