
ভালুকা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় নিজের পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাকির হোসেন উপজেলার পুরুড়া গ্রামের আবু সাইদের ছেলে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন তার একটি পোল্ট্রি খামারের টিনের চালায় উঠে ফ্যান মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির হোসেন ভরাডোবা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ছিলেন।
জাকির হোসেনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে স্থানীয় মেম্বার আব্দুল জলিলের মোবাইল নম্বরে চেষ্টা করে পাওয়া যায়নি। তবে নিহতের মামা আশফাক আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।