👁 304 Views

শোকের মাতম শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোনও

‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): ‎​গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আলহাজ মোঃ আনিছুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই প্রিয় ভাইয়ের মৃত্যুসংবাদ সহ্য করতে না পেরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তার ছোট বোন রাশিদা বেগম। একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ শ্রীপুরবাসী।
‎​
‎পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার (৭ জুন) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

‎​এদিকে, ভাইয়ের মৃত্যুর খবর শোনার পরপরই মানসিকভাবে ভেঙে পড়েন তার ছোট বোন রাশিদা বেগম। স্বজনরা তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ রক্ষা হয়নি; হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও পরপারে পাড়ি জমান।
‎​
‎সোমবার (৮ জুন) সকাল ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দুই ভাই-বোনকে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয়।
‎​
‎মরহুমের রাজনৈতিক সহকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তার বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আনিছুর রহমান কেবল একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন শ্রীপুরের উন্নয়নে নিবেদিত প্রাণ এক অভিভাবক। তার চলে যাওয়া স্থানীয় রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করল। দুই ভাই-বোনের এমন মর্মান্তিক প্রস্থান এলাকার মানুষের মাঝে গভীর শোকের পরিবেশ সৃষ্টি করেছে। তারা মরহুমদ্বয়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *