👁 211 Views

রাতের আঁধারে বনবিভাগের ৩ শতাধিক চারাগাছ কেটে সাবাড়: নবাবগঞ্জে ক্ষোভ

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে বনবিভাগের পারুল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ৮ নম্বর কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বিটের অধীন জয়পুর মৌজার উবরার ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জয়পুর মৌজায় বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছিল। কিন্তু বুধবার রাতে একদল অজ্ঞাত দুর্বৃত্ত উবরার ডাঙ্গা এলাকায় ঢুকে চারাগাছগুলো কেটে ফেলে। এর মধ্যে পারুল ও আকাশমণি প্রজাতির গাছই বেশি। রাতের অন্ধকারে সংঘটিত এই ধ্বংসযজ্ঞের কারণে গাছগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং সবুজায়নের এই উদ্যোগ বড় ধরনের বাধার মুখে পড়েছে।
ঘটনার পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। এলাকাবাসী জানান, পরিবেশ রক্ষা ও এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য কষ্ট করে গাছগুলো লাগানো হয়েছিল। যারা এই গাছগুলো কেটেছে, তারা পরিবেশের শত্রু। এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি করা হয়েছে, তা দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “জয়পুর মৌজায় পারুল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারাগাছ কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।”
তিনি আরও জানান, এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় এখনো কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।