
জেলা প্রতিনিধি। জাতীয় সংসদে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি জানিয়েছেন “পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এলাকার তরুণ ও কিশোরদের মা-বাবার কাছ থেকে জমানো চাঁদার টাকায় কিনে দেওয়া পাঞ্জাবি পরে মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেন তিনি। এ সময় স্পিকারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।”
সংসদে বক্তব্যের শুরুতে আবেগঘন কণ্ঠে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি যে পাঞ্জাবি পরে আজ সংসদে এসেছি, এলাকার কিছু তরুণ-কিশোর তাদের মা-বাবার কাছ থেকে চাঁদা তুলে আমাকে এটি কিনে দিয়েছে। তারা বলেছিল, এই সংসদে আপনি শরিফ ওসমান হাদির বিচারের জন্য আরেকবার কথা বলবেন।”
তিনি বলেন, “সংসদের দক্ষিণ প্লাজায় দেওয়া সম্মিলিত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে শহীদ শরিফ ওসমান হাদি যে কথাগুলো বলে গেছেন, সেগুলোর প্রতিটি লাইন বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরছে।” পাঞ্জাবিটি পরে সংসদে আসার সময় তরুণদের চোখের অশ্রু এখনো তাঁর চোখের সামনে ভাসছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, শহীদ শরিফ ওসমান হাদির বিচারটা আপনারা নিশ্চিত করবেন। আজ আমার গায়ে থাকা এই পাঞ্জাবি শুধু নয়, লাখো তরুণের আবেগের কথাটিও যেন আমরা বিবেচনায় রাখি।”
“নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি”
বক্তব্যের দ্বিতীয় অংশে নিজের নির্বাচনি এলাকা বাউফলসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভয়াবহ নদীভাঙনের চিত্র তুলে ধরেন “সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।”
তিনি বলেন, “নদীভাঙনের কারণে বাউফলের ভৌগোলিক অবস্থান ক্রমেই সংকুচিত হয়ে আসছে। নদীভাঙনে শুধু জমিই বিলীন হয় না, এর সঙ্গে হারিয়ে যায় মসজিদ, মন্দির, মক্তব, স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানাসহ মানুষের বসতভিটা ও জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন।”
ভাঙনকবলিত বাউফলবাসীকে রক্ষায় জিও ব্লক ও ডাম্পিংয়ের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি। এ বিষয়ে ইতোমধ্যে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং মন্ত্রী আশ্বস্ত করেছেন বলেও সংসদে জানান তিনি।
বাউফলের ধুলিয়া, কালাইয়া, কাছিপাড়া এবং বিচ্ছিন্ন ইউনিয়ন চন্দ্রদ্বীপসহ নদীভাঙনকবলিত সব এলাকাকে দ্রুত স্থায়ী বাঁধের আওতায় আনার জন্য পানিসম্পদমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর আহ্বান জানান এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।