👁 272 Views

সোনাতলার গুরুত্বপূর্ণ সড়কের কাজ সম্পন্নের দাবিতে মানববন্ধন।।

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা(বগুড়া) প্রতিনিধি:
ঠিকাদারের গাফিলতিতে একবছর যাবত ঝুলে থাকা সোনাতলা পৌরসভার গুরুত্বপূর্ণ হাসপাতাল-মাস্টারপাড়া সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে শনিবার সকালে সোনাতলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুর্দশাগ্রস্ত সড়কটিতে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বিড়ম্বনার শিকার, সড়কটি ব্যবহারকারী কয়েকশ’ মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা যান ও জনচলাচলের উপযোগী সড়কটির নির্মাণ কাজ বিলম্বিতকরণে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেইসাথে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কাজ শুরু না হলে টানা নানা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
জানা যায়, দীর্ঘদিনের জনদাবির মুখে যান ও জনচলাচলের অনুপোযোগী সোনাতলা পৌরসভার রেল স্টেশন সংলগ্ন পশ্চিম পার্শ্বের হাসপাতাল-মাস্টারপাড়াকে সংযুক্তকারী পূর্বের ফ্ল্যাট সোলিং সড়কটি ২০২৫ সালে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সোনাতলা পৌরসভা কর্ক্ষৃপক্ষ। সেই অনুযায়ী ‘লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রোজেক্ট’ এর আওতায় পৌরসভাধীন মাস্টারপাড়া আরসিসি সড়ক হতে হাসপাতাল (সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্স) পর্যন্ত সড়কটি ইউনিব্লক দিয়ে নির্মাণের জন্য ৮৩ লাখ, ১৩ হাজার, ৭শ’ ৬৫.১২৫ টাকায় কাজটির ঠিকাদারি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সালেক সোলার পাওয়ার লিমিটেড। ০৩-০৫-২০২৫ হতে ০২-০৫-২০২৬ তারিখের মধ্যে ইউনিব্লকের মাধ্যমে কাজটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সড়কটি খুড়ে ইট অপসারণ, ৩ টি ইউ ড্রেন নির্মাণ ও ও দুইটি দিঘীরপাড়ে গাইড ওয়াল নির্মাণ ছাড়া মূল কাজের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।

সড়কটির ইট অপসারণ করায় সড়কটি আরও চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে ও চলাচলের ক্ষেত্রে চরম বিড়ম্বনা পোহাচ্ছে মাস্টারপাড়া এলাকার বাসিন্দারা। উপজেলার একমাত্র হাসপাতালে দ্রুত যোগাযোগে অসুবিধার মুখে পড়েছে অসংখ্য মানুষ। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও সময়মতো প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে পড়ছে দুর্ভোগে।

প্রভাষক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন” এর সোনাতলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এম মেহেরুল, সোনাতলা নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ শফি, প্রভাষক ওমর ফারুক, প্রভাষক গোলাম রব্বানী, সাবেক সহকারী শিক্ষক জোবায়দুর রহমান, যুবদল নেতা রায়হান রনি ও ওমর ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *