
পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ড্রেজারের পাইপলাইন স্থাপন করায় শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে পাইপের কারণে শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে তা বিভিন্ন স্থানে সরবরাহের জন্য বিদ্যালয়ের মাঠের ওপর দিয়ে পাইপলাইন নেওয়া হয়েছে। এতে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নদ থেকে বালু উত্তোলনের বৈধতা এবং আবাদি জমি ভরাটে বালু ব্যবহারের বিষয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের মাঠ থেকে দ্রুত পাইপলাইন সরিয়ে নেওয়া এবং বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
তারা আরও বলেন, বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলা ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সেখানে বাণিজ্যিক কাজে ড্রেজারের পাইপ স্থাপন কোনোভাবেই কাম্য নয়।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাশ বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করার পাশাপাশি নদ থেকে বালু উত্তোলন ও আবাদি জমি ভরাটের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।