
নাটোর প্রতিনিধি : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, জ্বালানীর জন্য সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। গত ছয় মাসে দেশে বিএনপি সরকার জ্বালানীখাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এভাবে ভর্তুকি দিতে থাকলে দেশে সামাজিক ও উন্নয়নমূলক কোন কাজ করা কঠিন হয়ে পড়বে। বিএনপি সরকার তাই প্রতিটি বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ চালু করার উদ্যোগ নিয়েছে। এসব কাজ করার জন্য ইতোমধ্যে ২৫হাজার মানুষ আবেদন করেছে। বর্তমান মেয়াদের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ভাগ সরকার সৌর বিদ্যুৎ থেকে উৎপন্ন করতে চায়। আর একবার দেশের মানুষ সুযোগ দিলে ১০ বছরের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ৪০ভাগ সরকার সৌর বিদ্যুৎ থেকে উৎপন্ন করতে হবে। এতে গ্রাহক তার নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন ছাড়াও অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে আয় বাড়াতে পারবে। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত একটি আইন তৈরি করা হয়েছে, আগামী অধিবেশনেই সেই আইন পাশ করা হবে। বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন। নাটোর জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ ও নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আছমা খাতুন প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, গত ১৭ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বিক্রি করে দেশ শোষন করেছে। লাল সবুজের পতাকাকে অবমাননা করেছে। কেউ মুক্তিযুদ্ধ ও লাল সবুজের পতাকাকে অবমাননা করলে কষ্ট হয়। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। লোকে তাই বলে বিএনপি আমলের আইএ পাশ আওয়ামী লীগ আমলের এমএ পাশের সমান। পুলিশের ওসিদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ওসিরা গত ১৭বছর বিরোধী দলকে ভীষণ ভাবে দমন করেছে। এখন আর কিছু না হলেও সেইভাবে আগামী প্রজন্ম ও এই দেশকে মাদক থেকে রক্ষার জন্য একটু জেগে উঠার আহবান জানান। তিনি বলেন, দেশ মাদকে সয়লাব হয়ে যাচ্ছে। এ বিষয়ে শুধু সরকারের উপরে দায় দিয়ে বসে থাকলে চলবে না। প্রতিটি ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বক্তব্যে করা দাবীর বিষয়ে প্রধান অতিথি আগামী দিনে পর্যায়ক্রমে নাটোর গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে নিশ্চিত করেন। প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ হলো গরীবের সুন্দরী মেয়ের মতো। বাংলাদেশের দিকে অনেক রাষ্ট্রের লোলুপ দৃষ্টি রয়েছে। এ বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।