👁 134 Views

সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৬ দোকান

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ছয়টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চারটি দোকান সম্পূর্ণ এবং দুটি দোকান আংশিক পুড়ে গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—সোহেলের বিসমিল্লাহ স্টোর, আব্দুল জব্বার মিঝির মেডিকেল হল, রতন ভেন্ডারের অফিস ও উত্তমের সেলুন। এছাড়াও আশপাশের আরও কয়েকটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসাযীদের দাবি তাদের  প্রায় ১৫ লক্ষ টাকা সম্পদের ক্ষতি হয়েছে।
খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন আরও ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় বাজারের অন্যান্য দোকান।
সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. শেখ আবদুল্লাহ লিমন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে প্রায় ১৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছিলোনিয়া বাজার কমিটির সভাপতি ইউনুস, সাধারণ সম্পাদক মজুসহ কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *