👁 352 Views

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলায় তিন সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ছয়মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এ আদেশ দেন।

বিষয়টি আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৪ জানুয়ারি সকাল ৭টার দিকে সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর (বাড়াইকান্দি) গ্রামে আসামিরা বিবাদমান একটি জমির আইল উঠাতে গেলে বাধা দেয় তাদের ওয়ারিশ শাহাদাৎ হোসেন ও তাদের স্বজনরা। এসময় আসামিদের কোদাল ও লাঠির আঘাতে গুরতর আহত হন প্রতিপক্ষের শাহাদাৎ হোসেন, সাজেদা বেগম, সামছুল হক ও আবেদা বেগম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে শাহদাৎ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে রেফার করে। পরদিন ৫ জানুয়ারি সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শাহাদাৎ হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় ওই দিনই সুন্দরগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বজন আতাউর রহমান। পরে তদন্ত শেষে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয় থানা পুলিশ। আজ মামলার রায়ে ১৩ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন ও ১০ আসামিকে খালাস দেন আদালত।আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) সুব্রত জানান, মামলার দীর্ঘ ১৪ বছর পর সাক্ষ্য প্রমাণের শুনানি শেষে এ মামলায় তিন সহোদের যাবজ্জীবন ও প্রত্যেকের ১০ হাজার টাকা করে দণ্ডাদেশ দিয়েছেন আদালত। অনাদায়ে তাদের আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ মামলার অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- হালিম (৩৯), হামিদ (৩৭) ও মাহাবুব (৩৫)। তারা তিন সহোদর জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারির ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *