👁 314 Views

নবাবগঞ্জে সমাজকল্যাণমন্ত্রীর হাত থেকে আর্থিক সহায়তার চেক পেলেন ৬৫ অসহায় ও প্রতিবন্ধী

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫ জন উপকারভোগীর মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিন, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেস এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন এবং স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মী মুক্তি মাহফুজসহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী জানান, দেশের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকারের এ ধরনের কল্যাণমুখী উদ্যোগ ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।