👁 433 Views

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে রংপুর মহানগর নাগরিক কমিটির ৮ দফা দাবি

রংপুর ব্যুরো  : আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে রংপুর মহানগরীর মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আট দফা দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। এ দাবিতে সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়েছে।
স্মারকলিপিতে মহানগরীর সব মন্দির ও পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ ছাড়া পূজামণ্ডপ ও প্রবেশপথে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বিদ্যমান ক্যামেরা সচল রাখা, জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, ফায়ার সার্ভিস, চিকিৎসাসেবা ও প্রশাসনের সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে সাম্প্রদায়িক উসকানি, গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণা, প্রতিমা ভাঙচুর ও নাশকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত নিরাপত্তা সমন্বয় সভা আয়োজনের কথা বলা হয়।
নারী, শিশু, প্রবীণ ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত, যানজট নিয়ন্ত্রণ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তাঝুঁকির অভিযোগ দ্রুত গ্রহণ, যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বপূর্ণ উৎসব। প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা এবং নাগরিকদের সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় দুর্গোৎসব উদ্‌যাপন সম্ভব।
রংপুর মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোজাহার আলী ও সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ স্মারকলিপিতে স্বাক্ষর করেন। তাঁরা দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান।