
উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ঘনিরামপুর ব্রাদার্স এগ্রোর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘনিরামপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হন কাল্টু ও লিটন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামলী পরিবহনের বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।