
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতের কোন এক সময় বিদ্যালয়ের ক্লাশ রুমের দরজার তালা ভেঙে ভিতরে ডুকে সাতটি সিলিং ফ্যান, একটি পানির মোটর, ওয়াইফাই রাউটারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
চোরের দল বিদ্যালয়ের ভেতরে ঢুকে স্টিলের আলমিরা ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। এ ঘটনায় বিদ্যালয়ের মালামাল ও নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বিদ্যালয়ে নৈশপ্রহরী বা পিয়নের রাতে দায়িত্ব পালনের কথা থাকলেও ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলা উদ্দিন চুরির ঘটনা এবং নৈশপ্রহরীর অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উপজেলার নবগঠিত ১০ নং ইয়ারপুর ইউপির পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হযরত আলী মিলন বলেন এবিষয়ে কেউ থানাকে অবহিত করেনী। তিনি ঘটনাস্থলে ফোর্স পাঠাচ্ছেন বলে জানান।