👁 464 Views

নবাবগঞ্জে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন: যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে দেশব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, “উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনসমূহের সহায়তায় প্রতি শনিবার ডেঙ্গু মশক নিধনের লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। স্কাউটস, বিএনসিসি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান, জনসংযোগস্থল ও সংলগ্ন এলাকায় সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল নিশ্চিহ্ন করতে হবে। যেকোনো মূল্যে জমে থাকা পানি অপসারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল সরকারি দপ্তরপ্রধানগণ প্রতি শনিবার নিজস্ব ব্যবস্থাপনায় তাদের দপ্তর ও প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে ডেঙ্গু মশক নিধন কার্যক্রম পরিচালনা করবেন। বক্তব্যের শেষে তিনি ডেঙ্গু প্রতিরোধে উপজেলার সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ইউএনও বিধান কান্তি হালদারের নেতৃত্বে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটস, বিএনসিসির সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আনসার বাহিনী, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *