
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভা গাইবান্ধার পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ পথসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা জোটের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
পথসভায় জোটের নেতারা আট দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের নেতা ডা. শফিকুর রহমান। বক্তব্যে তিনি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জনগণের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, আট দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারে। জনগণের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিন সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু হয়।
পথসভায় বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং দ্রব্যমূল্য, সার ও জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির মতো বিষয় তুলে ধরেন। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জোরালোভাবে তুলে ধরেন।
পথসভায় আরও বক্তব্য দেন সাবেক জেলা জামায়াতে ইসলামীর নেতা ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জামায়াতের নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও আসনের জামায়াতের প্রার্থী মো. দেলোয়ার হোসেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির, জাগপার সভাপতি শফিউল আলম এবং বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের স্থানীয় নেতারা।
পথসভাকে কেন্দ্র করে পলাশবাড়ী চৌরাস্তা মোড় থেকে পানি উন্নয়ন বোর্ডের সামনে হয়ে ব্র্যাক মোড় পর্যন্ত সড়কে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা যায়। এর আগে জোটের লংমার্চটি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।