👁 338 Views

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবির অধ্যাপক ড. বাহানুর

দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক ড. মো. বাহানুর রহমানসহ সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নবগঠিত ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন এবং বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন।

রাষ্ট্রীয় পর্যায়ে প্রথমবারের মতো কোনো ভেটেরিনারিয়ান ও বাকৃবির শিক্ষক হিসেবে এই জাতীয় সম্মাননা পেলেন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল উপাদান হলো শিক্ষার্থী, শিক্ষা, শিক্ষক ও গবেষণা। শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করা সম্ভব। নতুন উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের ১০১ জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মানিত করেছে সরকার। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে।