
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাংবাদিক মোঃ ওয়াদুদ আহমেদ মিলুর ওপর এসিড নিক্ষেপ, অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়েরের পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এবং স্থানীয় সাংবাদিকরা।
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ জুন ২০২৬ রাতে পূর্বপরিকল্পিতভাবে তাকে চলবলা ইউনিয়ন পরিষদ এলাকায় ডেকে নিয়ে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, হামলার একপর্যায়ে তার ডান হাতে এসিড নিক্ষেপ করা হয় এবং পরে চেতনানাশক ব্যবহার করে তাকে অজ্ঞান করা হয়। অচেতন অবস্থায় তার কাছে থাকা প্রায় ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
রাতের দিকে জ্ঞান ফিরলে তিনি ইউনিয়ন পরিষদের পেছনে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। পরবর্তীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকায় চিকিৎসা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক ওয়াদুদ আহমেদ মিলুর দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশ করে আসছিলেন। এ কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তদের পক্ষ থেকে এখনও তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এদিকে, দীর্ঘ সময়েও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
