👁 172 Views

সেনবাগে ছাতারপাইয়া ইউনিয়ন বিভাজন করে বসন্তপুর ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন 

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নকে বিভাজন করে উত্তরাঞ্চলের ৬টি গ্রাম নিয়ে নতুন বসন্তপুর ইউনিয়ন ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রামবাসী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বসন্তপুর বাজারে বসন্তপুর, ছিলাদী, বিরাহিমপুর, লেমুয়া-ঠনারপাড় ও মাহতাবপুর গ্রামের শত শত বাসিন্দা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাইন উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট সামছুল আলম, বিএনপি নেতা তবারক উল্লাহ বেচু, মনির হোসেন, তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতার ভিত্তিতে ইউনিয়ন বিভাজনের প্রয়োজন রয়েছে। ছাতারপাইয়া ইউনিয়নের উত্তরাঞ্চলের বসন্তপুর, ছিলাদী, বিরাহিমপুর, লেমুয়া-ঠনারপাড় ও মাহতাবপুর—এই ৬টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠন করা হলে এলাকার জনগণ সহজে সরকারি সেবা পাওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তারা ওই ৬টি গ্রাম নিয়ে ‘বসন্তপুর ইউনিয়ন’ অথবা উল্লিখিত গ্রামগুলোর যেকোনো একটির নামে নতুন ইউনিয়ন ঘোষণার দাবি জানান।

নতুন ইউনিয়ন ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধান উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধন থেকে আগামী ১ অক্টোবর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই পাঁচটি ওয়ার্ডে ধারাবাহিক মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *