
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক ও তার পরিবার বিপাকে পড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম। জমি উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মৌজায় আরএস ৩৫ নম্বর দাগের ৩২৫ নম্বর খতিয়ানভুক্ত জমির মালিক মো. জাহিদুল ইসলাম ও তার পরিবার। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করায় স্থানীয়দের মাধ্যমে জমি বেদখলের খবর পান। পরে গত ১১ আগস্ট বাড়িতে এসে দেখতে পান, একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম, ধনু মিয়া ও বশির ওই জমিতে দেয়াল নির্মাণ করছেন।
জাহিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা দেয়াল নির্মাণে বাধা দিয়ে কাজ বন্ধ করার অনুরোধ করলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম গত ১৮ আগস্ট কুমিল্লার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট সম্পত্তিতে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকালে কনকাপৈত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘সরেজমিনে গিয়ে দেয়াল নির্মাণের কাজ চলমান দেখতে পাই। আদালতের নির্দেশনা থাকায় নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে এখানে দেয়াল নির্মাণের কাজ চলছে। এতদিন কোনো পক্ষ আমাদের বাধা দেয়নি। এখন আদালতের নির্দেশনা থাকায় আমরা কাজ বন্ধ রেখেছি।’
অভিযোগকারী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের জায়গা দখল করে অভিযুক্তরা দেয়াল নির্মাণ করছিলেন। লোকমুখে খবর পেয়ে আমরা চট্টগ্রাম থেকে বাড়িতে আসি। তাদের কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও তারা কর্ণপাত করেননি। এ কারণে আদালতের শরণাপন্ন হয়েছি।’
এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।