👁 320 Views

পলাশবাড়ীতে মাদক নির্মূলের দাবিতে সচেতন নাগরিকদের বিক্ষোভ মিছিল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সচেতন নাগরিকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মিছিলটি পলাশবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিক্সন, মামুন রশিদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হৃদয় হাসান সোহেলসহ স্থানীয় সচেতন নাগরিকরা।
মিছিল শেষে বক্তারা অভিযোগ করেন, পলাশবাড়ীর পল্লী ও গ্রামাঞ্চলসহ পৌর শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগ রয়েছে। এতে যুবসমাজসহ বিভিন্ন বয়সী মানুষ মাদকের ভয়াবহ ছোবলে পড়ছে এবং সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *