
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: বহু স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, যা স্থানীয়ভাবে ‘থানা মসজিদ’ নামে পরিচিত, ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল থেকে মসজিদের পুরোনো স্থাপনা অপসারণের কাজ শুরু হয়।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণ ও স্থাপনা বাবদ সরকার থেকে পাওয়া কয়েক কোটি টাকার অর্থে এখানে পাঁচতলা আধুনিক মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুরোনো মসজিদের অবকাঠামোসহ এসি, ফ্যান ও অন্যান্য আসবাবপত্র প্রায় ১৫ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। রোববার থেকে এসব সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে।
মসজিদের ইমাম রাজা হুজুর জানান, রোববার দুপুর থেকে কেন্দ্রীয় মসজিদের পরিবর্তে অফিসের হাট মডেল মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হবে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমিনুর সর্দার বলেন, নতুন মসজিদ নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা প্রয়োজন। সবার মূল্যবান পরামর্শ নিয়ে একটি সুন্দর ও আধুনিক মসজিদ নির্মাণ করা হবে।
পুরোনো মসজিদটি ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগকে উন্নয়নের অংশ হিসেবে দেখলেও, বহু বছরের স্মৃতি বিজড়িত এই মসজিদ হারানোর মুহূর্তে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।