👁 281 Views

নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত একটি অটোভ্যানের ধাক্কায় মোত্তাকিয়া আক্তার নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (দিকপাড়া) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোত্তাকিয়া আক্তার উপজেলার হরিপুর (দিকপাড়া) গ্রামের বাসিন্দা সুমন মিয়ার মেয়ে। এ ঘটনায় অটোভ্যান চালক জয়নাল হোসেন নিজেও আহত হয়েছেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে শিশু মোত্তাকিয়া নিজ বাড়ির সামনের পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোভ্যান তাকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।