
মোঃ রিয়াজ।। পটুয়াখালী-বাউফল অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান না থাকায় কর্মসংস্থানের সীমিত সুযোগ এবং বেকারত্ব বৃদ্ধির বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে মৌখিক প্রশ্নোত্তর পর্বে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে জানতে চান, স্বাধীনতার পরও পটুয়াখালী অঞ্চলে উল্লেখযোগ্য কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে না ওঠায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি।
তিনি আরো বলেন, এ অবস্থায় পটুয়াখালী-বাউফল এলাকায় কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি না।
প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের সব অঞ্চলে ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
বিশেষ করে, তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে **Employment Exchange Centre** স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এসব কেন্দ্রের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সংক্রান্ত তথ্য প্রদান, দক্ষতা উন্নয়ন এবং চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি করা হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।