👁 168 Views

নবাবগঞ্জে বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু: উদ্বোধনী ম্যাচে ধরঞ্জি খেলোয়াড় কল্যাণ একাদশ জয়ী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬। উদ্বোধনী ম্যাচে রোজা ফুটবল একাডেমিকে হারিয়ে শুভ সূচনা করেছে ধরঞ্জি খেলোয়াড় কল্যাণ একাদশ।
গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ অনুষ্ঠিত এই জমজমাট উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম।
দাউদপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেস এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুর রহমান আনিস। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রোজা ফুটবল একাডেমি এবং ধরঞ্জি খেলোয়াড় কল্যাণ একাদশ। মাঠের লড়াইয়ে দুই দলই চমৎকার ফুটবল উপহার দেয়। প্রথমার্ধ থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। নির্ধারিত সময়ের খেলা শেষে ধরঞ্জি খেলোয়াড় কল্যাণ একাদশ ৩–২ গোলের ব্যবধানে রোজা ফুটবল একাডেমিকে পরাজিত করে মাঠ ছাড়ে। বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে ম্যাচ শেষে দারুণ উল্লাস দেখা যায়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদন বজায় রাখতেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলা দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক মাঠে ভিড় জমান।