
আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় মোস্তাক (২০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী গফুর মৌলভীর মাজার এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোস্তাক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখলা গ্রামের দক্ষিণ দাসবাড়ি এলাকার মৃত মুস্তফা কামালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আমতলী টাওয়ার এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের প্রতিবেশি চাচা মোখলেছুর রহমান জানান, মোস্তাক বেশ কয়েক বছর ধরে ময়মনসিংহ এলাকায় অটোরিকশা চালিয়ে আসছিলো। এক বছর আগে পরিবারকে না জানিয়ে সে নেত্রকোনায় বিয়ে করে স্ত্রী রত্নাকে নিয়ে সিডষ্টোর এলাকায় একটি বাসায় ভাড়ায় থেকে আটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। তবে বেশ কিছুদিন ধরে পরিবারের সাথে মোস্তাকের যোগাযোগ ছিলোনা। সোমবার সকালে সংবাদ পেয়ে তারা থানায় এসে মোস্তাকের লাশটি সনাক্ত করেন।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই মোশাররফ হোসেন পরিবারের উদৃতি দিয়ে জানান, নিহত মোস্তাক অটো চালাতো, দেড় মাস আগে সে তার অটোটি বিক্রি করে দেয়। তারপর থেকে পরিবারের সাথে তার কোন যোগাযোগ ছিলোনা। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।