
এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি আমবাগানের ২৯৬টি ফলন্ত আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নন্দনপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত বাগানটি সরকারি কৃষি বিভাগের প্রদর্শনী প্রকল্পের আওতাধীন ছিল বলে জানা গেছে।
বাগান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দনপুর গ্রামের কৃষক মাজেদুল ইসলাম উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় একটি উন্নত জাতের আমবাগান গড়ে তোলেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও পরিচর্যার পর গাছগুলোতে কেবল ফলন আসতে শুরু করেছিল। কিন্তু পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ২৯৬টি আমগাছ গোড়া থেকে কেটে ফেলে।
শুক্রবার সকালে বাগান মালিক মাজেদুল ইসলাম বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন। এ ঘটনায় তার কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। মাজেদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক স্বপ্ন নিয়ে কৃষি বিভাগের সহায়তায় বাগানটি বড় করেছিলাম। যারা আমার এই চরম ক্ষতি করেছে, আমি প্রশাসনের কাছে তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এদিকে ফলন্ত আমগাছ কেটে ফেলার এই ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকেরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।