👁 278 Views

নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পূর্বধলা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক, বর্তমান পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক, ২০১৮ ও ২০২৬ সালের নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব আবু তাহের তালুকদার সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকাল ৩ টায় পূর্বধলা  প্রেসক্লাবে পূর্বধলা উপজেলা বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান ফকির। লিখিত বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে দেশে তেল সংকট মোকাবেলায় সরকারী বিধি মোতাবেক গত ২৪ এপ্রিল পূর্বধলা উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তেল সরবরাহ করার পর নিয়ম অনুযায়ী বন্ধ হয়ে যায়।
এ সময় ফিলিং স্টেশনে বিপুল সংখ্যক মোটর সাইকেল চালক তেলের জন্য অপেক্ষা করছিল।
সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফা কয়েক জন নেতাকর্মীদের নিয়ে ফিলিং স্টেশনে গাড়িতে তেল ভর্তে যায়। এ সময় তার ব্যক্তিগত সহকারী আল আমিন ম্যানেজারকে তেল দিতে চাপ প্রয়োগ করে। এ সময় উপস্থিত অন্যান্য মোটর সাইকেল চালকরা ক্ষিপ্ত হয়ে জানায় এমপির গাড়ীতে তেল দিলে তাদেরকেউ দিতে হবে।
এ নিয়ে আল আমিনের সাথে তেল নিতে আসা লোকজনের বাক বিতন্ডা হয়। এ সময় উত্তেজিত চালকরা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক, বর্তমান পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক, ২০১৮ ও ২০২৬ সালের নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব আবু তাহের তালুকদারের সম্মানহানি করতে তাকে প্রধান আসামীসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তিন মাস যাবত হাসপাতালে চিকিৎসাধীন আবু বকর রানা ও খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে আসা আব্দুল্লাহ সাকিবকেও আসামী করা হয়েছে। তিনি সংবাদ সম্মেলনে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের খুঁজে বের করা, প্রতিহিংসামূলক কর্মকান্ড পরিহার ও বিএনপির নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানী বন্ধের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *