👁 208 Views

সেনবাগে সিএনজিতে তুলে শিক্ষিকার স্বর্ণালংকার লুট, মূল্য প্রায় ৩ লাখ টাকা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তদের বিরুদ্ধে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরনগর এলাকায় এ ঘটনা ঘটে। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকার নাম মোসাম্মৎ মমতাজ বেগম (৪৩)। তিনি সেনবাগ উপজেলার ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্বামীর নাম মো. মাহফুজ আলম সে একজন প্রবাসী।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন মমতাজ বেগম। অটোরিকশাটিতে চালকসহ আরও কয়েকজন যাত্রী ছিলেন। পরে তিনশরিফ নামক স্থানে পৌঁছালে অটোরিকশার পেছনের আসনে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, দুর্বৃত্তরা তাঁকে ভয়ভীতি প্রদর্শন করে দুই হাতের স্বর্ণের বালা, কানের দুল, আংটি, গলার চেইন ও লকেটসহ বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যায়। পরে তাঁকে সেবারহাট বাজারের পশ্চিম পাশে একটি ফাঁকা রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। লুট হওয়া স্বর্ণালংকারের মোট আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে অভিযোগকারীর দাবি।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষিকা বিষয়টি তাঁর স্বামী ও নিকটাত্মীয়দের জানান। তবে দুর্বৃত্তদের শনাক্ত করতে না পারায় এবং পারিবারিক আলোচনার কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় অজ্ঞাতনামা পাঁচজনকে বিবাদী করে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষিকা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে সেনবাগ থানার এসআই পলেন বডুয়ার সঙ্গে যোগাযোগ করলর তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।